দুর্নীতির বিভিন্ন মামলায় চারজন ব্যাংক কর্মকর্তাসহ আরও নয়জনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের জনসংযোগ বিভাগ বলেছে, গতকাল মঙ্গলবার ও গত সোমবার রাতে দেশের বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
তাঁরা হলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ভোমরাদহ শাখার সাবেক কর্মকর্তা আরাফাত জামান ও নিরাপত্তারক্ষী মো. শাহজাহান আলী, রূপালী ব্যাংকের ঢাকার নবাবগঞ্জের শিকারীপাড়া শাখার ব্যবস্থাপক ফরিদ আহম্মদ ও সাবেক সিনিয়র অফিসার আবদুস সালাম, শাহজালাল ইসলামী ব্যাংকের জয়পাড়া শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান, সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের মালিক আবদুল আউয়াল ও কর্মচারী মো. আবুল হাশেম, যশোরের নওয়াপাড়ার ব্যবসায়ী শাহজাহান আলী মোল্লা এবং চাঁপাইনবাবগঞ্জের নাসিবুল হুদা।