বগুড়ার শেরপুরে চালক আলাউদ্দিনকে (৩০) হত্যা করে দুর্বৃত্তরা একটি মোটরসাইকেল ছিনতাই করেছে। আলাউদ্দিনের বাড়ি উপজেলার সাতারা চকরাজিব গ্রামে। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ওমরপাড়া পাকা সড়কের ওপর এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।এ ব্যাপারে গতকাল শুক্রবার শেরপুর থানায় একটি হত্যা মামলা হয়েছে। মামলার বাদী আলাউদ্দিনের চাচা ইছাহাক আলী জানান, আলাউদ্দিন ওই মোটরসাইকেলে করে ভাড়ায় যাত্রী পরিবহন করত। সুঘাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আসলাম হোসেন জানান, আলাউদ্দিন একই ওয়ার্ডের বিএনপির সহসভাপতি ছিলেন।থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, এ ঘটনায় সন্দেহভাজন তিন ব্যক্তিকে রাতেই আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কোনো তথ্য পাওয়া যায়নি। তাঁরা সবাই গত বৃহস্পতিবার আলাউদ্দিনের মোটরসাইকেলে চড়ে যাওয়া-আসা করেছিলেন। মোটরসাইকেলটি ছিনতাই করার জন্যই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।