কারাগারে থাকা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাসেবা দিতে নির্দেশনা চেয়ে করা রিট আবেদন ওপর অক্টোবরে হাইকোর্টের নিয়মিত বেঞ্চে শুনানি হতে যাচ্ছে।
বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার রিটের ওপর শুনানি গ্রহণ করেন। নিয়মিত বেঞ্চে শুনানি করার কথা জানিয়ে এ দিন আদালত বলেছেন, আজ নয় (শুনানি)।
ইউনাইটেড হাসপাতাল বা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাসেবা দিতে নির্দেশনা চেয়ে ৯ সেপ্টেম্বর খালেদা জিয়া রিট আবেদনটি করেন, যা আজ শুনানির জন্য তালিকায় ছিল।
আদালতে খালেদার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী, মাহবুব উদ্দিন খোকন ও কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ ও সমরেন্দ্র নাথ বিশ্বাস।
বিশ্বজিৎ দেবনাথ প্রথম আলোকে বলেন, খালেদা জিয়ার আইনজীবীদের বক্তব্য শুনে আদালত রুল দেওয়ার কথা বলেন। তখন আইনজীবীরা নির্দেশনা দেওয়ার আরজি জানান। একপর্যায়ে আদালত বলেন, এখন অবকাশকালীন বেঞ্চ ও আদালতের কর্মঘণ্টা কম। বিস্তারিত শুনতে গেলে তালিকায় থাকা অন্য বিষয়গুলো শোনা হবে না, নট টুডে (আজ নয়), রাখলাম। আজকের পর আর অবকাশকালীন বেঞ্চ নেই। অবকাশ শেষে ১ অক্টোবর থেকে নিয়মিত বেঞ্চ বসবে।
তবে খালেদার আইনজীবী কায়সার কামাল প্রথম আলোকে বলেন, ‘আদালত রিটের ওপর শুনানি গ্রহণ করেছেন। শুনানি নিয়ে হাইকোর্ট ১ অক্টোবর নিয়মিত বেঞ্চে রিটটি শুনানি করার কথা বলেছেন। আশা করি, ১ অক্টোবর শুনানি হবে।’
আইনজীবী সূত্র বলেছে, রিটে ইউনাইটেড বা বিশেষায়িত হাসপাতালে খালেদা জিয়াকে চিকিৎসাসেবা দেওয়ার নির্দেশনা চাওয়ার পাশাপাশি তাঁর স্বাস্থ্য পরীক্ষার জন্য একটি বিশেষ বোর্ড গঠনের আরজি রয়েছে। এ পর্যন্ত তাঁর চিকিৎসাসেবা-সংক্রান্ত যাবতীয় নথিপত্র আদালতে দাখিল করতে নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। খালেদার সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, এ মর্মে রুল রুলও চাওয়া হয়েছে। স্বরাষ্ট্রসচিব, আইজি (প্রিজন), ঢাকা কেন্দ্রীয় কারাগারের সুপারসহ সাতজনকে রিটে বিবাদী করা হয়েছে।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে বিচারিক আদালত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডাদেশ দেন। এরপর থেকে ৭৩ বছর বয়সী খালেদা জিয়া কারাগারে আছেন।