চিত্তরঞ্জন কটন মিলস এলাকার পুকুর ভরাটে নিষেধাজ্ঞা

তিন মাসের জন্য নারায়ণগঞ্জের চিত্তরঞ্জন কটন মিলস এলাকার পুকুর ভরাটের কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুল জারির পাশাপাশি এ আদেশ দেন। রুলে ওই ভরাট কার্যক্রম কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং সেখানকার পুকুর ও জলাশয় ব্যবস্থাপনার দায়িত্ব সিটি করপোরেশনের ওপর ন্যস্তের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। ভূমিসচিব, পরিবেশসচিব, শিল্পসচিব, টেক্সটাইল মিলস করপোরেশনের চেয়ারম্যান ও চিত্তরঞ্জন কটন মিলসের ব্যবস্থাপনা পরিচালকসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।