ক্রিকেটার নাসির হোসেন ও ফুটবলার ডেভিড বেকহামের মধ্যে বলেন তো মিল কোথায়? দুজনই রোদচশমা পরতে ভালোবাসেন। দুজনের চোখেই দেখা যায় নানা রকমের রোদচশমা। তাঁদের মতো অনেক তরুণই ব্যবহার করেন নানা ঢঙের রোদচশমা। রোদ থেকে চোখজোড়া রক্ষা করতেই কি কেবল রোদচশমা পরা হয়? তরুণদের সঙ্গে কথা বলে জানা গেল, রোদচশমা এখন ফ্যাশনেরই অংশ। অন্যতম অনুষঙ্গ।
একটা সময় রোদচশমা বলতে শুধু কালো রঙের চশমাই বোঝানো হতো। এখন একদিকে যেমন বড় আকৃতি, অন্যদিকে বিভিন্ন রঙের রোদচশমার ট্রেন্ড চলছে। এই যেমন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনের পছন্দ সবুজ ও হলুদ রঙের রোদচশমা। সেলুলাইট বা প্লাস্টিকের ফ্রেমই বেশির ভাগ পরতে দেখা যাচ্ছে আজকাল। কেউ কেউ ধাতব ফ্রেমের মধ্যে এভিয়েটর মডেলও বেছে নিচ্ছেন। তার মধ্যে আবার কেউ কেউ ডবল ব্রিজ ফ্রেমটি বেশি পছন্দ করছেন।
মেয়েরা অবশ্য ওভাল শেপের বড় আকৃতির রোদচশমা বেশি কিনছেন। কোনো কোনোটার ডাঁটিতে থাকছে পাথর অথবা মেটালের নকশা। আবার ফ্রেমেও থাকছে মজার মজার নকশা। ঢাকার সাতমসজিদ রোডের জুয়েল অপটিকসের ব্যবস্থাপক মো. মনির হোসেন জানালেন, এখন রোদচশমার আকৃতি ও নকশায় এসেছে বৈচিত্র্য। তরুণেরা রংচঙে ফ্রেমগুলোই বেশি কিনছে। আর নামী ব্র্যান্ডের পাশাপাশি একদম সাধারণ কিন্তু স্টাইলিশ রোদচশমাগুলোরও বেশ চাহিদা রয়েছে এখন। ছেলেরা ক্যাজুয়াল পোশাকের সঙ্গে ও মাঝেমধ্যে রাফ লুক আনার জন্য বেছে নিচ্ছেন ওয়েফেরার বা ক্লাবমাস্টার মডেলের রোদচশমা। বাজার ঘুরে জানা গেল, রে-ব্যান, গুচি, আরমানি, ওকলে, ডলসে অ্যান্ড গ্যাবানা ও চারম্যান্ট ব্র্যান্ডই রোদচশমাপ্রেমীদের পছন্দের তালিকায় শীর্ষে অবস্থান করছে।
রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিমন আলামিনের রোদচশমার প্রতি রয়েছে বিশেষ দুর্বলতা। পোলিশ ও রে-ব্যানই তাঁর বেশি পছন্দ। ফুটবলার ডেভিড বেকহামের পরিহিত রোদচশমাগুলো বেশ আকর্ষণীয় লাগে তাঁর কাছে। এভিয়েটর বা পাইলট মডেলের রোদচশমা ফরমাল পোশাকের সঙ্গে দারুণ মানায় বলে এই মডেলটি তিনি বেশি পছন্দ করেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রী আনিকা নাবিলও রে-ব্যানের রোদচশমার খুব ভক্ত।
অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়পড়ুয়া আফরিনা খন্দকারের আবার রোদচশমা সংগ্রহের শখ থাকলেও বিশেষ কোনো ব্র্যান্ডের বাতিক নেই। রোদচশমা বেছে নেওয়ার ক্ষেত্রে দেখতে স্টাইলিশ ও মানানসই কি না, এ দুটি বিষয়ই তিনি বিবেচনা করেন। ‘কিছু রোদচশমা আছে, যা শুধু পাশ্চাত্য ঘরানার পোশাকের সঙ্গেই মানায়। তাই আমি সব সময় এমন রোদচশমা বেছে নিই, যা দেশি-বিদেশি সব ধরনের পোশাকের সঙ্গেই মানিয়ে যায়।’
রোদচশমা কিনতে পারেন ঢাকার নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড, ফার্মগেট, মগবাজারের সেঞ্চুরী আর্কেড, গুলশান ডিসিসি মার্কেট, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স থেকে। এছাড়া কমবেশি সব এলাকা ও বড় বড় মার্কেটে রোদচশমা পাওয়া যায়।