কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করতে গিয়ে বেপরোয়া গতির মাইক্রোবাসের ধাক্কায় মো. সোহেল (১৬) নামের এক হোটেলকর্মীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকায় হাইওয়ে ইন হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল ওই হোটেলের কর্মচারী। সে চাঁদপুরের মতলব উপজেলার মহামায়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, সকাল সাতটায় হোটেলের সামনে একটি পিকআপ ভ্যান ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে পিকআপ ভ্যানটিতে দুই যাত্রী আটকা পড়ে। এ সময় সোহেলসহ কয়েক যুবক আহত ব্যক্তিদের উদ্ধার তৎপরতা শুরু করেন। তখন পেছন থেকে আসা একটি মাইক্রোবাসের চাপায় সোহেলসহ দুই হোটেলকর্মী আহত হন। সোহেলকে ঢাকায় নেওয়ার পথে সে মারা যায়।