সুনামগঞ্জের ছাতকে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন গুলিবিদ্ধসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের আসামপুর গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে আসামপুর গ্রামের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল আলীম ও গিয়াস উদ্দিনের পরিবারের মধ্যে বিরোধ চলছে। তিন দিন আগে এলাকার কৈতক-হায়দারপুর সড়কে মাটি কাটা নিয়ে দুই পক্ষের লোকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে গতকাল সকাল আটটার দিকে দুই পক্ষের লোকজন গ্রামের দক্ষিণ পাশের মাঠে দেশীয় অস্ত্রশস্ত্র ও বন্দুক নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।