সানডে টাইমসের অ্যাওয়ার্ড

ছোটগল্পের সংক্ষিপ্ত তালিকায় তাহমিমা আনাম

তাহমিমা আনাম।
তাহমিমা আনাম।

ছোটগল্পের জন্য বিশ্বের সবচেয়ে মূল্যবান পুরস্কার ‘দ্য সানডে টাইমস ইএফজি সর্ট স্টোরি অ্যাওয়ার্ড’-এর সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশি-বংশোদ্ভূত ব্রিটিশ লেখিকা তাহমিমা আনাম।
সংক্ষিপ্ত এ তালিকায় তাহমিমা আনামের পাশাপাশি আরও পাঁচজন লেখক-লেখিকা, গল্পকার রয়েছেন। তালিকায় স্থান পাওয়া এই ছয় ব্যক্তির চারজনই নারী।
তাহমিমা ছাড়া অন্যরা হলেন পুলিৎজার পুরস্কারবিজয়ী লেখিকা এলিজাবেথ স্ট্রাউট ও লেখক অ্যাডাম জনসন, ব্রিটিশ লেখিকা আন্না মেটক্যাফে ও লেখক জোনাথান টেল এবং কানাডীয় বংশোদ্ভূত আমেরিকান লেখিকা মারজোরি সেলোনা।
আগামী ৪ এপ্রিল রাতে লন্ডনের স্টেশনার্স হলে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে এ পুরস্কারের বিজয়ী গল্পকারের নাম ঘোষণা করা হবে।
জনপ্রিয় বইদ্য গুড মুসলিম ও এ গোল্ডেন এজ-এর লেখিকা তাহমিমা তাঁর ছোটগল্প আনওয়ার গেটস এভরিথিং-এর জন্য সানডে টাইমস পত্রিকার অত্যন্ত সম্মানজনক এই পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন। এ গল্পে তিনি দুবাইয়ে বসবাসরত একজন বাংলাদেশি অভিবাসী শ্রমিকের চিত্র তুলে ধরেছেন। এর আগে তাহমিমার এ গোল্ডেন এজ বইটি কমনওয়েলথ রাইটার্স প্রাইজের ‘বেস্ট ফার্স্ট বুক’ পুরস্কার জিতে নেয়।
ইএফজি অ্যাওয়ার্ড বিজয়ী ব্যক্তি পুরস্কারের অর্থ হিসেবে ৩০ হাজার পাউন্ড পাবেন। দ্য সানডে টাইমস।