‘খুলে দাও হাওরের বুক, বাংলাদেশ দেখবে মুখ’ স্লোগান নিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় আজ শুক্রবার থেকে দুদিনব্যাপী চতুর্থ জাতীয় হাওর উৎসব শুরু হচ্ছে। আজ সকাল ১০টায় সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ এম এ মান্নান এ উৎসব উদ্বোধন করবেন।
পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও জগন্নাথপুর উপজেলা প্রশাসন যৌথভাবে এ উৎসবের আয়োজন করেছে। উৎসবের প্রথম দিন আলোচনা সভা, কৃষিপণ্য প্রদর্শন, হাডুডু খেলা, সাঁতার, ফুটবল প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।
দ্বিতীয় দিন নলজুর নদীতে নৌকাবাইচ, হাওর অঞ্চলের প্রাকৃতিক নিদর্শন নিয়ে চিত্র প্রদর্শনী, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এতে বাউলশিল্পী কুদ্দুস বয়াতি, জাতীয় ও স্থানীয় শিল্পীরা অংশ নেবেন।
পবার সাধারণ সম্পাদক কামাল পাশা চৌধুরী জানান, ২০০৭ সাল থেকে জাতীয় হাওর উৎসব হচ্ছে। হাওরবাসীর জীবনযাত্রার মানোন্নয়নের জন্য এ উৎসবের আয়োজন করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহামঞ্চদ হুমায়ুন কবির জানান, হাওর উৎসবে হাওর অঞ্চলের কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হয়। এ উৎসব আয়োজনে উপজেলা প্রশাসন ও সহায়তা করছে।