জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। আজ শুক্রবার দুপুরে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সব সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হলো।

এ প্রসঙ্গে কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইন্দ্রনীল রনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমন সিদ্ধান্ত নেওয়া ছাড়া আমাদের কোনো উপায় ছিল না। আশা করি, বিষয়টির সমাধান দ্রুত হবে।’ তবে ঠিক কোন ঘটনার জেরে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সংগঠনের পক্ষ থেকে তা জানানো হয়নি।