জনসমক্ষে মাফ চাইলেন আ.লীগ নেতা

ফরিদপুরে কলেজের অধ্যক্ষকে লাঞ্ছিত করার ঘটনার দায় স্বীকার করে জনসভায় মাফ চাইলেন জেলা আওয়ামী লীগের এক নেতা। ওই জনসভায় প্রধান অতিথি ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদপুর শহরের আলীপুর বান্ধব পল্লির সামনে আয়োজিত জনসভায় বক্তৃতা করতে গিয়ে মাফ চান জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মোকাররম হোসেন। বক্তব্যের এক পর্যায়ে মোকাররম হোসেন জানান, কিছুদিন আগে ফরিদপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ লাঞ্ছিত হয়েছেন। এ ঘটনা তাঁর সামনে ঘটেছে। ‘আমি এ দায় থেকে মুক্তি পেতে পারি না’ মন্তব্য করে তিনি বলেন, ‘ঘটনা ঘটার ২৪ ঘণ্টার মধ্যে অধ্যক্ষের বাড়িতে গিয়ে ক্ষমা চেয়েছি।’