জব্দ করা মোটরসাইকেল ছাড়িয়ে নিতে যুবলীগের থানা ঘেরাও

গাইবান্ধায় পুলিশের জব্দ করা মোটরসাইকেল ছাড়িয়ে নেওয়াকে কেন্দ্র করে গতকাল বুধবার গোবিন্দগঞ্জ থানা ঘেরাও করেছেন যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুন নুরের অপসারণের দাবিতে স্লোগান দেন। পরে তাঁকে পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ১৯ জানুয়ারি উপজেলার কামারদহ ইউনিয়নের চেরাগাড়ি গ্রামে গোপন বৈঠক করার সময় জামায়াতের জেলা আমির আবদুর রহিমসহ ৩০ নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করে। এ সময় পুলিশ আটটি মোটরসাইকেল জব্দ করে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ দেলোয়ার হোসেন এসআইকে প্রত্যাহার করার সত্যতা নিশ্চিত করেছেন।