জমির ন্যায্য মূল্যের দাবিতে বিক্ষোভ শিবচরে চেক বিতরণ স্থগিত

জমির ন্যায্য মূল্য নির্ধারণ ও পদ্মা সেতুর টোল প্লাজা মাদারীপুরের শিবচরে স্থাপনের দাবিতে গতকাল রোববার ক্ষতিগ্রস্ত লোকজন বিক্ষোভ করেছে। এই বিক্ষোভের মুখে প্রশাসন ক্ষতিগ্রস্তদের মধ্যে পুনর্বাসনের টাকার চেক বিতরণ অনুষ্ঠান স্থগিত করে।স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মা সেতু নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করার ফলে অন্যান্য এলাকার মতো শিবচরের মাদবরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকার মানুষও ক্ষতিগ্রস্ত হয়। এই এলাকার ক্ষতিগ্রস্ত ৩৭টি পরিবারের সদস্যদের মধ্যে এক কোটি ১৪ লাখ টাকার চেক বিতরণের জন্য গতকাল দুপুরে স্থানীয় ইউনিয়ন পরিষদ ভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। যথাসময়ে প্রধান অতিথি মাদারীপুরের জেলা প্রশাসক শশী কুমার সিংহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র বিশ্বাসসহ অন্য কর্মকর্তারা উপস্থিত হন। এ সময় দুই শতাধিক ক্ষতিগ্রস্ত মানুষ জমির ন্যায্য মূল্য নির্ধারণ ও পদ্মা সেতুর টোল প্লাজা শিবচরে স্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল করে । উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল বিশ্বাস বলেন, জমির ন্যায্য মূল্য নির্ধারণ, টোল প্লাজা স্থাপনসহ বিভিন্ন দাবিতে ক্ষতিগ্রস্ত লোকজন মিছিল করে এবং চেক নিতে অনিচ্ছা প্রকাশ করে। এ কারণে চেক বিতরণ স্থগিত করা হয়েছে।