
২০১৫ সালের সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন শেখ মজিবুর রহমান। তিনি গতকাল ওয়ার্ডের বিভিন্ন বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেন।
প্রথম আলো: ওয়ার্ডের বেশির ভাগ বাসিন্দা জলাবদ্ধতাকেই মূল সমস্যা হিসেবে দেখছেন। এ বিষয়ে আপনি কী বলবেন?
কাউন্সিলর: এবারের মতো বৃষ্টি তো অনেক বছর হয়নি। তাই হয়তো কিছু জায়গায় সমস্যা হচ্ছে। আর পানি তো থাকে না। কিছুক্ষণের মধ্যেই সরে যায়।
প্রথম আলো: তার মানে আপনি বলছেন যে ওয়ার্ডে জলাবদ্ধতার কোনো সমস্যাই নেই।
কাউন্সিলর: ঠিক তা নয়। যেটুকু সমস্যা আছে আগামী বছরের মধ্যে ঠিক হয়ে যাবে। কারণ, কিছু সড়ক ও গলিতে পানিনিষ্কাশনের বড় পাইপ বসানো হয়েছে। আরও কয়েকটির জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। দ্রুত কাজ শুরু হবে।
প্রথম আলো: দুই বছরে ওয়ার্ডে কত টাকার কাজ হয়েছে?
কাউন্সিলর: পাঁচ থেকে ছয় কোটি টাকার কাজ হয়েছে। এ সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু সড়কের সংস্কারকাজ শেষ করেছি। চলতি বছরে আরও চার থেকে পাঁচ কোটি টাকার কাজ হবে।
প্রথম আলো: ওয়ার্ডের বাসিন্দারা মশার উপদ্রবের কথা বলছিলেন। তাঁদের অভিযোগ, এলাকায় মশার ওষুধ ছিটানো হয় না।
কাউন্সিলর: এই অভিযোগ ঠিক নয়। মাঝেমধ্যেই ওষুধ ছিটানো হয়। তবে মশা নিয়ন্ত্রণে শিগগিরই ক্র্যাশ প্রোগ্রাম নেওয়া হবে।