জাজিরায় ১০টি ঘর ভাঙচুর

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শরীয়তপুরের জাজিরা উপজেলার কুণ্ডেরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই সদস্যের বিরোধের জের ধরে ১০টি বসতঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র জানায়, ৮ নম্বর ওয়ার্ডের সদস্য রাজ্জাক চোকদার ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্য কামাল মাদবরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে কামাল এলাকার এক নারীকে জড়িয়ে রাজ্জাকের বিরুদ্ধে কুৎসা রটাতে থাকেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওই নারী কামালকে মারধর করেন। এর জবাবে কামাল তাঁর সমর্থকদের নিয়ে গত শনিবার চোকদারকান্দি গ্রামে রাজ্জাকের বাড়িতে হামলা চালান। এ সময় বাড়ির ১০টি বসতঘর ভাঙচুর করা হয়।রাজ্জাকের স্ত্রী নাজমা বেগম বলেন, ‘কামাল আমার স্বামীর বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে।’ কামাল মাদবর বলেন, ‘রাজ্জাকের বাড়িঘর কারা ভাঙচুর করেছে আমি জানি না।’