সংক্ষেপ

জালিয়াতির প্রতিবাদে

কৃষকদের নামে অগ্রণী ব্যাংক নালিতাবাড়ী শাখা থেকে কৃষকের নামে ঋণ তুলে অর্থ আত্মসাতের প্রতিবাদে গতকাল রোববার মানববন্ধন হয়েছে। গতকাল দুপুরে নালিতাবাড়ী উপজেলা পরিষদ চত্বরের সামনের রাস্তায় কৃষকেরা এ কর্মসূচি পালন করেন। সেখানে বক্তারা ঋণের অর্থ আত্মসাতের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গত অর্থবছরে অগ্রণী ব্যাংক নালিতাবাড়ী শাখা থেকে দেড় হাজার কৃষককে তিন কোটি টাকার কৃষি ও পল্লি ঋণ দেওয়া হয়। অভিযোগ উঠেছে, এর মধ্যে উপজেলার কলসপাড় ইউনিয়নের শতাধিক কৃষকের নামে ঋণ তুলে অর্থ আত্মসাৎ করেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক শাহজাদা মিয়া ও তদন্তকারী কর্মকর্তা (আইও) আবদুল লতিফসহ স্থানীয় দালালচক্র। নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি|