অভিবাসীদের স্বার্থ রক্ষায় ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (জিএফএমডি) সম্মেলন সফলভাবে আয়োজন করতে চায় বাংলাদেশ। সম্মেলনে যোগ দিতে ২০ মন্ত্রীসহ ৭৩ দেশ ও ২৭ সংস্থার প্রায় সাড়ে ৫০০ প্রতিনিধি নিবন্ধন করেছেন।
গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে জিএফএমডির এবারের চেয়ারম্যান বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক এসব তথ্য দেন। অভিবাসী ও উন্নয়নবিষয়ক বৈশ্বিক ফোরামের নবম সম্মেলন সামনে রেখে এ সম্মেলন করা হয়।
পররাষ্ট্রসচিব শহীদুল হক বলেন, ‘আমাদের এ ধরনের বড় আন্তর্জাতিক সম্মেলন আগে করার অভিজ্ঞতা নেই। কিন্তু একটি সফল আয়োজনের জন্য প্রস্তুত বাংলাদেশ। প্রধানমন্ত্রী ১০ ডিসেম্বর সম্মেলনের উদ্বোধন করবেন।’
অভিবাসন ও উন্নয়নের অর্থনীতি, সামাজিক প্রেক্ষাপট ও সুশাসন—এই তিনটিকে মূল ধরে এবারের সম্মেলনে মোট ছয়টি বিষয়ের ওপর আলোচনা হবে। পররাষ্ট্রসচিব বলেন, এই সম্মেলন কল্যাণমুখী ‘মাইগ্রেশন কম্পাক্ট’ রচনার সুযোগ তৈরি করবে বলে তাঁর আশা।