কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নের ১১টি কেন্দ্রে আবার ভোট গ্রহণের দাবি জানিয়েছেন ওই ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী মো. সালাউদ্দিন সামু। গতকাল সোমবার দুপুরে রহমতপুর এলাকার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি এ দাবি জানান। এ ব্যাপারে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করা হয়েছে।আওয়ামী লীগ-সমর্থিত ওই প্রার্থী ১১টি কেন্দ্রে ব্যাপক কারচুপি ও অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কেরানীগঞ্জ যুবলীগের সভাপতি হাজি আরিফুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাকুর হোসেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও জিনজিরা ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা মনির হোসেন জানান, প্রার্থীর অভিযোগ নির্বাচনী ট্রাইব্যুনালে প্রমাণ হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।