জীবননগরে ফিলিং স্টেশনে ডাকাতি, জড়িতদের গ্রেপ্তারের দাবি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা শহরের জীবননগর ফিলিং স্টেশন থেকে গত বৃহস্পতিবার রাতে আড়াই লাখ টাকা লুট করে নিয়ে গেছে একদল ডাকাত৷ এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং লুট করা টাকা উদ্ধারের জন্য ৭২ ঘণ্টা সময়সীমা বেঁধে (আল্টিমেটাম) দিয়েছে চুয়াডাঙ্গা জেলা জ্বালানি তেল পরিবেশক ও ট্যাংকলরি মালিক সমিতি৷
ওই সমিতির নেতারা গতকাল শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে প্রশাসনকে এ সময়সীমা বেঁধে দেন৷ নেতারা বলেন, উল্লিখিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আগামী সোমবার সকাল থেকে জেলাজুড়ে সব ফিলিং স্টেশনে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করা হবে৷
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল আহমেদ জানান, ডাকাতির ঘটনায় জীবননগর ফিলিং স্টেশনের ব্যবস্থাপক আবদুল জলিল বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন৷ জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করার জন্য অভিযান চলছে৷