জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অকৃতকার্য হয়ে সাভারের আশুলিয়া থানার টেংগুরী গ্রামের তানিয়া আহমেদ (১৪) আত্মহত্যা করেছে। তানিয়া ওই গ্রামের ব্যবসায়ী মাসুদ রানার একমাত্র মেয়ে।আশুলিয়া থানা পুলিশ ও মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, তানিয়া এবার সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) পাবলিক স্কুল থেকে জেএসসি পরীক্ষায় অংশ নিয়ে গণিতে অকৃতকার্য হয়। এতে তার মা-বাবা গালমন্দ করলে ক্ষোভে ও লজ্জায় সে আত্মহত্যা করে।তানিয়ার চাচা হাবিবুর রহমান জানান, গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে তানিয়া তার পড়ার কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এরপর সে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে।