জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের একাত্মতার কথা পুনর্ব্যক্ত করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বাংলাদেশ সফররত ফিলিস্তিনের সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে আজ রোববার সচিবালয়ে নিজ দপ্তরে মতবিনিময়কালে এ কথা বলেন তথ্যমন্ত্রী। ফিলিস্তিনি প্রতিনিধিরা ঢাকায় অনুষ্ঠানরত ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলনে যোগদানের পাশাপাশি সচিবালয়ে এ বৈঠক করেন।
ফিলিস্তিনি দলনেতা আজ্জাম আল আহমদ এমপি এ সময় সম্প্রতি ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে পাস হওয়া আবাসন নিয়ন্ত্রণ আইনের বিরুদ্ধে ফিলিস্তিনের তীব্র প্রতিবাদের কথা জানিয়ে বলেন, এ আইনের মাধ্যমে ইসরায়েলিরা ফিলিস্তিনিদের বসবাসরত ভূমি জবরদখলের সুযোগ পাবে, যা মানবাধিকার ও জাতিসংঘ স্বীকৃত আইনের সুস্পষ্ট লঙ্ঘন। ফিলিস্তিন আশা করে বাংলাদেশ এ বিষয়ে মানবাধিকারের পক্ষে অবস্থান নেবে।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু দ্ব্যর্থহীনভাবে এ বিষয়ে ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থনের কথা জানান।