এখন মা ইলিশের ডিম ছাড়ার সময়। ইলিশের প্রজনন নিশ্চিত করতে ১ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। তাই নদী থেকে ডাঙায় ফিরে এসেছেন জেলেরা। তাঁরা এখন জাল শুকানো, মেরামত এবং রং করে সময় কাটাচ্ছেন। নদীর পাড়ে মাছ ধরার ট্রলারগুলো স্থির দাঁড়িয়ে আছে। নেই কর্মব্যস্ততা, নেই ইলিশের ক্রেতা-বিক্রেতার হাঁকডাক। চট্টগ্রামের যে ফিশারিঘাট এলাকা সব সময় শত শত ক্রেতা-বিক্রেতায় সরগরম থাকত, সেই ঘাটটি এখন স্থবির। ছবিগুলো সোমবার চট্টগ্রামের কর্ণফুলী নদীর উত্তর পাড় এলাকা থেকে তোলা।