শরীয়তপুর-চাঁদপুর নৌপথের নরসিংহপুর ঘাটের পন্টুন ঝড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে। এ কারণে গত বুধবার রাত থেকে এ পথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে নদীর দুই পাড়ে দুই শতাধিক গাড়ি আটকা পড়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় ঝড়ের কবলে পড়ে নরসিংহপুর ঘাটের পন্টুন বিচ্ছিন্ন হয়ে যায়। পন্টুনটি ভাসতে ভাসতে গিয়ে আধা কিলোমিটার দূরে বেড়াচাক্কি এলাকায় চরে আটকা পড়েছে।
বিআইডব্লিউটিসির হরিণা ঘাটের ব্যবস্থাপক ইমরান হোসেন জানান, পন্টুনটি পুনঃস্থাপনের চেষ্টা চলছে। নদীতে জোয়ার এলে চর থেকে পন্টুন নামিয়ে সন্ধ্যার মধ্যে স্থাপন করা যাবে।