ঝালকাঠির মেয়রের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার

ঝালকাঠি পৌরসভার মেয়র আফজাল হোসেনের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গতকাল সোমবার মন্ত্রণালয়ের পৌর শাখা ১-এর উপসচিব মো. খলিলুর রহমান স্বাক্ষরিত এ প্রত্যাহার আদেশ ঝালকাঠি জেলা প্রশাসক ও পৌরসভা কার্যালয়ে ফ্যাক্সযোগে পৌঁছায়।

চাঁদাবাজি ও বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় ২০ দিন কারাগারে আটক থাকা অবস্থায় ১৯ মার্চ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ঝালকাঠি পৌরসভার মেয়র আফজালকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

এরপর প্যানেল মেয়র-১ প্রণব কুমার নাথকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়। সাময়িক বরখাস্ত আদেশের তিন দিন পর ২২ মার্চ জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিন লাভ করেন আফজাল।