টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

টাঙ্গাইলে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি ট্রাককে অপর একটি চলন্ত ট্রাক ধাক্কা দেওয়ায় ঘটনাস্থলেই ট্রাকচালকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার গুল্যা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই ট্রাকচালকের নাম মো. হোসেন আলী (৩০)। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার বাসিন্দা। এ ঘটনায় ট্রাকচালকের সহকারী ও দুই আরোহী আহত হয়েছেন।

টাঙ্গাইল ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে মালবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ড-১১-৮৩৪৭) ঠাকুরগাঁও যাচ্ছিল। আজ ভোররাত চারটার দিকে ট্রাকটি টাঙ্গাইলের গুল্যা নামক স্থান অতিক্রমের সময় সেখানে দাঁড়ানো একটি ট্রাককে (ঢাকা মেট্রো-ট-১১-৫৫৯১) পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চলন্ত ট্রাকের চালকের মৃত্যু হয়।

ফায়ার সার্ভিস কর্মকর্তা সফিকুল ইসলাম আরও জানান, নিহত ট্রাকচালকের লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আহত সহকারী মো. নাইম, আরোহী মোছা. জান্নাতুল ও মো. ফারুককে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।