গাজীপুরের শ্রীপুরে চলন্ত একটি ট্রাককে পেছন থেকে পিকআপ ধাক্কা দিলে একজন নিহত হন। আহত হয়েছেন একজন। নিহত ব্যক্তি পিকআপচালক ছিলেন। আজ সোমবার সকাল সোয়া ছয়টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা উড়ালসেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।
চালক তন্দ্রাচ্ছন্ন অবস্থায় গাড়ি চালনোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছে পুলিশ।
নিহত চালকের নাম রফিকুল ইসলাম (৩৪)। তিনি নরসিংদীর রায়পুরা উপজেলার লুচনপুর গ্রামের মজনু মিয়ার ছেলে। চালকের পাশের আসনে থাকা সহকারী আল-আমিন (১৮) গুরুতর আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। আহত আল-আমিন নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার বালাই গ্রামের বাবুল মিয়ার ছেলে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, আজ ভোরে ময়মনসিংহগামী মুরগি বহনকারী একটি পিকআপ (ঢাকা মেট্রো নম্বর-১৩-৪৪০৪০) মাওনা উড়ালসেতুর ওপর সামনে চলতে থাকা একটি ট্রাককে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক রফিকুলের মৃত্যু হয়। এ ঘটনায় চালকের সহকারীও গুরুতর আহত হন।
ওসি বলেন, চালক তন্দ্রাচ্ছন্ন অবস্থায় গাড়ি চালানোর কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে মাওনা হাইওয়ে থানায় রাখা হয়েছে।