ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় গতকাল বৃহস্পতিবার ট্রাকচাপায় লাকি রানী দাস (১৩) নামে এক স্কুলছাত্রী মারা গেছে।
সে উপজেলার ঘাগলি-নারায়ণপুর নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ও নারায়ণপুর গ্রামের যতীন্দ্র কুমার দাসের মেয়ে। গতকাল সকাল ১০টার দিকে লাকি বিদ্যালয়ের পাশে সুনামগঞ্জ-দিরাই সড়কের ঘাগলি এলাকায় রাস্তা পারাপারের সময় একটি মালবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। স্থানীয় লোকজন ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছেন। দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি আল আমিন বলেন, স্কুলছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।