চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কেন্দুল এলাকায় আজ শনিবার দুপুরে ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা তিনজন আরোহী নিহত হয়েছেন। ঘটনার পরপরই ট্রাকের চালক ও চালকের সহকারী পালিয়ে যান।
নিহত ব্যক্তিরা হলেন, কেন্দুল গ্রামের মুনতাজ আলীর ছেলে মোহাম্মদ ফারুক (৩০), শফিকুল ইসলামের ছেলে নয়ন (৪২) ও রাজশাহীর তানোর উপজেলার চুনিয়াপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে নুরে আলম সিদ্দিকী (৩০)।
সদর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, আমনুরা-গোদাগাড়ী সড়ক দিয়ে মোটরসাইকেলযোগে ওই তিনজন কেন্দুলের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান নুরে আলম ও ফারুক। নয়নকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকেও মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলকে ধাক্কা দেওয়ার পর ট্রাকটিও সড়কের পাশে উল্টে যায়।