চাঁদপুরের হাজীগঞ্জে ট্রাক্টরের চাপায় সালমা আক্তার (৪২) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল নয়টার দিকে হাজীগঞ্জ উপজেলার আলীগঞ্জ পিটিআইয়ের (প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র) সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে সকাল ১০টা পর্যন্ত চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখেন স্থানীয় লোকজন।
সালমা আক্তারের সহকর্মী নার্গিস আক্তার জানান, চাঁদপুর শহরের ৬ নম্বর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সালমা আক্তার প্রশিক্ষণের জন্য চাঁদপুর থেকে কুমিল্লাগামী একটি বাসে করে আলীগঞ্জ পিটিআইয়ের সামনে নামেন। এ সময় বালু বহনকারী একটি ট্রাক্টর সামলাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।