ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ি সীমান্তে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম মো. ফারুক। বাড়ি উপজেলার চড়ুইগাতি গ্রামে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রের বিবরণ অনুযায়ী, ফারুকসহ (২২) কয়েকজন গরু ব্যবসায়ী বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ভারত থেকে গরু নিয়ে দেশে ফিরছিলেন। একপর্যায়ে বেউরঝাড়ি সীমান্তের ৩৭৯/৬এস নম্বর মেইন পিলারের কাছে ভারতের বরাবুল্লা সীমান্তের বিএসএফের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় ফারুক গুলিবিদ্ধ হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে রাত নয়টার দিকে ফারুকের মৃত্যু হয়। এ ছাড়া কাঁটাতার পার হওয়ার সময় লাভলু (২৪) নামে ফারুকের এক সঙ্গী আহত হন। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।বালিয়াডাঙ্গী থানার ওসি শামীম হোসেন সরদার জানান, বিএসএফের ছোড়া গুলি ফারুকের পেটে ও পায়ে লাগে। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঠাকুরগাঁও ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল ইসলাম বলেন, সীমান্তে গুলির এই ঘটনায় বিএসএফের কাছে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।