ঢাকায় ঝুঁকিপূর্ণ ৩২১টি ভবন আগামী ডিসেম্বরের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। ভবনের মালিকেরা এই সময়ের মধ্যে ভবনগুলোর বিষয়ে সিদ্ধান্ত না নিলে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় পরবর্তী ব্যবস্থা নেবে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল এ কথা বলেন।
৯ অক্টোবর বেলা ১১টায় এ মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ সচিবালয়ে ভূমিকম্পে করণীয় বিষয়ে এক মহড়া প্রদর্শন উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বাসসের খবরে এ কথা বলা হয়।
শাহ কামাল বলেন, রাজধানীর ঝুঁকিপূর্ণ ভবনগুলোর মধ্যে বাংলাদেশ সচিবালয়ের ৪ নম্বর ভবনসহ দুটি ভবন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ভবন, সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল ভবন ও ফায়ার সার্ভিস ভবন ঝুঁকিপূর্ণ ভবনের তালিকায় রয়েছে। সচিব বলেন, ঝুঁকিপূর্ণ ভবনগুলোর মধ্যে যেগুলো ‘হেরিটেজ ভবন’ সেগুলো ‘রেকটিফিটিং’ ও অন্যগুলো ডিসেম্বরের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। শিগগিরই হেরিটেজ ভবনে ‘রেকটিফিটিংয়ের’ কাজ শুরু হবে বলে জানান তিনি।