ডোমারে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু ছয়টি ঘর ছাই

নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পূর্ব বোড়াগাড়ী গ্রামে শুক্রবার রাতে আগুনে দগ্ধ হয়ে ছাইয়া বেওয়া (৮০) নামের একজন নারীর মৃত্যু হয়েছে। এ ছাড়া অগ্নিকাণ্ডে ছয়টি ঘর, ধান, আসবাব ও ৫০ হাজার টাকা পুড়ে গেছে। অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে পাঁচটি ছাগল ও একটি গরু।প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত আটটার দিকে গ্রামের আনছার আলীর বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আনছার ও তাঁর ভাই আফছার আলীর চারটি টিনের ঘর, একটি রান্নাঘর, একটি গোয়ালঘর, ঘরের আসবাব, ৪০ মণ ধান ও নগদ ৫০ হাজার টাকা ছাই হয়ে যায়। এ সময় একটি ঘরে ঘুমিয়ে থাকা তাঁদের মা ছাইয়া বেওয়া অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান।