ঢাকা ছেড়েছেন ভারতের রাষ্ট্রপতি

আজ শুক্রবার বেলা পৌনে একটার দিকে ঢাকা ত্যাগ করেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ
ছবি: বাসস

তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছেড়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আজ শুক্রবার দুপুরের দিকে রামনাথ কোবিন্দ নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

ঢাকা ত্যাগের আগে আজ সকালে রামনাথ কোবিন্দ রাজধানীর রমনা কালীমন্দিরের সংস্কার করা অংশের উদ্বোধন করেন।

উদ্বোধনের পর ভারতের রাষ্ট্রপতি তাঁর পত্নী সবিতা কোবিন্দ ও কন্যা স্বাতী কোবিন্দকে সঙ্গে নিয়ে মন্দিরে পূজা দেন। পরে তাঁরা সেখান থেকে হোটেলে ফিরে যান। হোটেল থেকে যান বিমানবন্দরে।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বেলা পৌনে একটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতের রাষ্ট্রপতিকে বিদায় জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বাসসকে এ কথা জানান।

বাংলাদেশের বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে গত বুধবার ঢাকায় আসেন রামনাথ কোবিন্দ। এবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী দুটি উৎসব বিজয় দিবস উদ্‌যাপনে নতুন মাত্রা যোগ করে।

গতকাল বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর দেশি-বিদেশি অতিথিদের অংশগ্রহণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হয়েছিল ‘মহাবিজয়ের মহানায়ক’ শিরোনামের বিশেষ অনুষ্ঠানমালার।

অনুষ্ঠানের আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সম্মানীয় অতিথি ছিলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানের সম্মানীয় অতিথির বক্তব্য দেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাতে বিশেষ শ্রদ্ধা স্মারক ‘মুজিব চিরন্তন’ তুলে দেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা।