ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুক্র ও শনিবার দুই দিন সাপ্তাহিক ছুটি থাকবে। ওই দুই দিন বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১ জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
২৩ জুন রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া সভায় শিক্ষকদের যাতায়াত ভাতা নির্ধারণ ও বই ভাতা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির দাবি অনুযায়ী সিন্ডিকেট এসব সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রথম আলোকে বলেন, সপ্তাহে দুই দিন ছুটি থাকায় বাকি দিনগুলোতে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম চলবে। এ ছাড়া ক্লাস শুরু হবে আগের সময়ানুযায়ী সকাল আটটা থেকে। কর্মঘণ্টা না কমাতে বৃহস্পতিবার অর্ধদিবসের বদলে পূর্ণদিবস খোলা থাকবে বিশ্ববিদ্যালয়।
শিক্ষক সমিতির সভাপতি ও সিন্ডিকেট সদস্য ফরিদউদ্দিন আহমেদ বলেন, সপ্তাহে দুই দিন বন্ধ থাকায় সামনের গ্রীষ্মকালীন ছুটি এক মাসের বদলে কমিয়ে তিন সপ্তাহ করার সিদ্ধান্ত হয়েছে।
ফরিদউদ্দিন আহমেদ জানান, যেসব শিক্ষক ক্যাম্পাসের বাইরে থাকেন, তাঁদের এক হাজার টাকা করে যাতায়াত ভাতা দেওয়া হবে। একই সঙ্গে সভায় শিক্ষকদের বই ভাতা বছরে দুই হাজার থেকে বাড়িয়ে তিন হাজার টাকা করার সিদ্ধান্ত হয়েছে।