তারাবির নামাজ পড়া নিয়ে সংঘর্ষে আহত ৩

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বেলদহ গ্রামে গতকাল শনিবার তারাবির নামাজ পড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।পুলিশ ও এলাকাবাসীর কয়েকজন জানান, বেলদহ জামে মসজিদে সুরা, না খতম তারাবি পড়া হবে—এ নিয়ে গ্রামবাসীর মধ্যে প্রথম রোজা থেকে মতপার্থক্য দেখা দেয়। দুই দিনেও এ বিষয়ে মতৈক্য হয়নি। গতকাল দুপুরে বিষয়টি নিয়ে বেলদহ ইউনিয়ন পরিষদ (ইউপি) প্রাঙ্গণে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের তিনজন আহত হন। আহত ব্যক্তিরা হলেন বজলুর রহমান, মোতালেব হোসেন ও হুমায়ুন কবীর। বজলুরকে গুরুতর অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাটাইল থানার ওসি ফজলুল কবির বলেন, ‘এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’