তেঁতুলিয়ায় বজ্রপাতে নিহত ২

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তীরনইহাট ইউনিয়নের হাকিমপুর গ্রামে আজ বুধবার বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন তীরনইহাট ইউনিয়নের হাকিমপুর গ্রামের তাহিরুল ইসলামের ছেলে আজিমুল ইসলাম (২৫) ও একই গ্রামের হায়দার আলীর ছেলে শাহরিয়ার (৯)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বুধবার বিকেল চারটার দিকে ওই গ্রামের একটি পুকুরে তাঁরা মাছ ধরছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে আকস্মিক বজ্রপাতে আজিমুল ও শাহরিয়ার ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন একই গ্রামের সোবহানের ছেলে আলাল, তাঁর ছেলে রুবেল ও প্রতিবেশী শাকিল। আহত ব্যক্তিদের তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র রায় বলেন, বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।