তেলের লরিতে গাঁজা

জ্বালানি তেলবাহী ট্যাংকলরিতে তেল ছিল না, বিশেষভাবে সাজানো ১৮টি বস্তায় ছিল ১৭৫ কেজি গাঁজা। গাঁজাভর্তি ওই ট্যাংকলরি গতকাল বৃহস্পতিবার রাজধানীর ধলপুর থেকে আটক করেছে র‌্যাব। এ সময় রুকু শেখ (৩৬), মো. রাসেল (২২) ও জাহিদুর রহমান (২৭) নামের তিনজনকে আটক করা হয়।
ওই তিনজনের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানীতে। র‌্যাব জানায়, ট্যাংকলরিতে কুমিল্লা থেকে কারওয়ান বাজারে গাঁজা আনা হচ্ছে—এ খবরের ভিত্তিতে সকালে ধলপুরে তল্লাশিচৌকি বসায় র‌্যাব-১০। সকাল সোয়া সাতটার দিকে একটি ট্যাংকলরি থামিয়ে তল্লাশি চালিয়ে ১৭৫ কেজি গাঁজা পাওয়া যায়।
র‌্যাব-১০-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি বলেন, আটক তিনজনকে আইনের আওতায় আনা হয়েছে।