২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার অন্যতম প্রধান আসামি মাওলানা মোহাম্মদ তাজউদ্দিনকে ফেরত পাঠাতে দক্ষিণ আফ্রিকা রাজি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, এর মধ্য দিয়ে এ বিষয়ে বড় ধরনের একটি অগ্রগতি হলো। খবর বাসসের।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গতকাল বুধবার দুপুরে তাঁর সচিবালয়ের কার্যালয়ে দক্ষিণ আফ্রিকার উপপররাষ্ট্রমন্ত্রী মোমেনদিয়া ফেকেতোর নেতৃত্বে সে দেশের সফররত একটি প্রতিনিধিদলের বৈঠকে এ অগ্রগতি অর্জিত হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দক্ষিণ আফ্রিকা মাওলানা তাজউদ্দিনকে বাংলাদেশে ফেরত পাঠাতে রাজি হয়েছে এবং এ জন্য তারা আমাদের সঙ্গে একটি বন্দিবিনিময় চুক্তি করতে চায়।’
মন্ত্রী আরও বলেন, ‘এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য আমরা তথ্য ও অন্যান্য নথিপত্র বিনিময় করেছি।’ বৈঠকে মৎস্য ও পশুসম্পদমন্ত্রী মোহাম্মদ সায়েদুল হক, বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার অনাবাসী হাইকমিশনার জিওফ কিউ ডয়েজ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।