
পেট্রলবোমার আঘাতে গুরুতর আহত পুলিশ কনস্টেবল শামীম মিয়াকে আজ রোববার দেখতে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শামীম রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।
গতকাল শনিবার রমনা পার্কের পাশের রাস্তায় মৎস্য ভবনের কাছে এ বোমা হামলার ঘটনা ঘটে।
প্রধানমন্ত্রী চিকিৎসকদের কাছে শামীম মিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাঁর সুচিকিৎসার নির্দেশ দেন। এ সময় হাসপাতালে উপস্থিত আইজিপি ও ডিএমপি কমিশনারকে প্রধানমন্ত্রী বোমাবাজ ও অগ্নিসংযোগকারীদের দ্রুত গ্রেপ্তার করতে নির্দেশ দেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী পরে একই হাসপাতালে চিকিৎসাধীন সাবেক সেনাপ্রধান জেনারেল মোস্তাফিজুর রহমানের মেয়ে শাহানাজকে দেখতে যান।