ফেনীর দাগনভূঞা উপজেলার কোরায়েশ মুন্সিবাজারে গত বৃহস্পতিবার রাতে স্থানীয় যুবদলের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী জানান, স্থানীয় যুবদলের কমিটি গঠন নিয়ে বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেনের পক্ষের সঙ্গে উপজেলা যুবদলের সভাপতি শাহাদাতের পক্ষের মধ্যে প্রথমে তর্কবিতর্ক ও হাতাহাতি হয়। কিছুক্ষণ পর সংঘর্ষ বেধে যায়। এ সময় উভয় পক্ষ ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ কারণে বাজারের সাধারণ ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দোকানপাট বন্ধ হয়ে যায়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে বসির আহম্মদ ও আবুল কালাম আজাদ, সালাহ উদ্দিন ও নজরুল ইসলামের নাম জানা গেছে।দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন মুন্সি এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।