রাজশাহী সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিযাম উল আযীম দায়িত্ব নিয়েছেন। গত মঙ্গলবার সকালে নগর ভবনে মেয়রের দপ্তরে তিনি এ দায়িত্ব নেন। এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা আজাহার আলী, কাউন্সিলর, বিভাগীয় ও শাখাপ্রধান, কর্মচারী ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন। নিযাম উল আযীম বলেন, ‘আল্লাহর রহমত ও সবার সর্বাত্মক সহযোগিতায় সিটি করপোরেশনের বর্তমান শোচনীয় পরিস্থিতি থেকে উত্তরণের দায়িত্বকে আমি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করছি।’ তিনি সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের প্রশংসা করে বলেন, ‘মহানগরের উন্নয়নে তাঁর অবদান অতুলনীয়। তাঁর রেখে যাওয়া অসমাপ্ত কাজ আমরা সমাপ্ত করব।’