দিরাইয়ে সংঘর্ষে আহত শতাধিক

সুনামগঞ্জের দিরাই উপজেলায় গতকাল রোববার দুই পক্ষের সংঘর্ষে শতাধিক লোক আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার শরিফপুর গ্রামের লুৎ ফুর রহমান ও বেলাল আহমদের মধ্যে বিরোধ ছিল। সম্প্রতি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বেলাল আহমদকে ভোট দেওয়া না দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে এ বিরোধ প্রকাশ্য রূপ নেয়। গতকাল সকালে গ্রামের একটি রাস্তা নিয়ে প্রথমে দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে দুই পক্ষের সমর্থকেরা দুপুরে টেঁটা, সুলফি ও জাতা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে শতাধিক লোক আহত হয়েছে। আহতদের মধ্যে ১৯ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ৬১ জনকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।