সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা দুটি মামলায় দুই আসামির ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। এঁরা হলেন ধসে পড়া ভবনে থাকা নিউ ওয়েভ বটমস লিমিটেডের চেয়ারম্যান বজলুস সামাদ ও ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুর রহমান। গতকাল সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পৃথক জামিন আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।
আদালতে আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন ও শ ম রেজাউল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান।
খোন্দকার দিলীরুজ্জামান প্রথম আলোকে বলেন, এ আদেশ স্থগিত চেয়ে চেম্বার বিচারপতির আদালতে আবেদন করা হবে।
গত বছরের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসে পড়ে। এতে এক হাজার ১৩৪ জন নিহত হন।