চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র আইনে পৃথক দুটি মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে ২০ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার চাঁপাইনবাবগঞ্জ বিশেষ ট্রাইব্যুনাল-২-এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জিয়াউর রহমান এ আদেশ দেন।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন জেলার গোমস্তাপুর উপজেলার কলাইদিয়াড় গ্রামের মমিন (২৮) ও ভোলাহাট উপজেলার খড়্গপুর ঘুনটোলা গ্রামের রমজান আলী (৩১)। রায় ঘোষণার সময় মমিন আদালতে উপস্থিত ছিলেন। আর রমজান আলী পলাতক আছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ অনুযায়ী, ২০০৯ সালের ১৪ জুন পুলিশ গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম, জিহাদি বইসহ মমিনকে গ্রেপ্তার করে। পরে মমিনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা হয়। ওই বছরেরই ১৭ জুন রমজানের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ ১টি ওয়ান শুটারগান ও ৩টি গুলি উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে রমজান পালিয়ে যান। এ ঘটনায় ভোলাহাট থানায় মামলা হয়।