লালমনিরহাট সদর উপজেলার ফকিরের তকেয়া বাজার এলাকায় গতকাল বৃহস্পতিবার বিকেলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। একই দিন ঠাকুরগাঁও পৌর শহরের মন্দিরপাড়া এলাকায় চন্দন রায় (২৫) নামের এক তরুণ নিহত হয়েছেন।
লালমনিরহাট সদর থানার পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে একটি যাত্রীবাহী বাস ফকিরের তকেয়া বাজার এলাকায় এসেই নিয়ন্ত্রণ হারিয়ে কুলসুম মেডিকেল স্টোর ও পাশাপাশি অবস্থিত অপর একটি মুদির দোকানে ঢুকে যায়। বাসটিকে দ্রুত দোকানের দিকে আসতে দেখে দোকানের লোকজন দৌড়ে বের হয়ে যান। এ সময় দোকানের সামনে থাকা বাইসাইকেলের চালক স্বপন চন্দ্র রায় (১৮) বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত ও বাসের ধাক্কায় ছিটকে পড়ে মোকছার আলী (৫০) গুরুতর আহত হন। স্থানীয় লোকজন মোকছারকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। স্বপন চন্দ্র উপজেলার গোকুন্ডা ইউনিয়নের ধুমেরকুটি গ্রামের বিনয় চন্দ্রের ছেলে। মোকছার একই ইউনিয়নের বালাপাড়া গ্রামের বাসিন্দা।
ঘটনার পরপরই এলাকার ব্যবসায়ী ও সাধারণ জনগণ ঢাকা-রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের ফকিরের তকেয়া বাজারে সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঠাকুরগাঁও সদর থানার পুলিশ সূত্রে জানা গেছে, বেলা একটার দিকে একটি ব্যাটারিচালিত রিকশায় চড়ে চন্দন ঠাকুরগাঁও রোড এলাকার দিকে যাচ্ছিলেন। শহরের মন্দিরপাড়া এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাঁর রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশা থেকে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।