যশোরের চৌগাছা উপজেলায় মাদক সেবনের দায়ে মাহাবুর রহমান ওরফে টিটো (২৩) নামের এক যুবককে দুই বছর কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বিকেলে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস পারভিন এ সাজা দেন। মাহাবুরকে পরে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। তিনি উপজেলার জিয়লগাড়ি গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে নেশাগ্রস্ত অবস্থায় মাহাবুর চৌগাছা থানার সামনে মাতলামি করছিলেন। এ সময় পুলিশ তাঁকে গাঁজাসহ আটক করে। বিকেলে তাঁকে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হয়। চৌগাছা থানার ওসি এম মসিউর রহমান বলেন, মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে তাঁকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।