রাজশাহীর বাগমারার দুই মাতালকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) আসিফ মাহমুদ এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলো উপজেলার ডাক্তা গ্রামের উজ্জ্বল হোসেন (২৪) ও চানপাড়া গ্রামের মাজেদুর রহমান (৩০)। গতকাল বৃহস্পতিবার তাদের কারাগারে পাঠানো হয়েছে। বাগমারা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আরিফুল ইসলাম জানান, বুধবার বিকেলে তারা নেশাগ্রস্ত অবস্থায় উপজেলা সদরের ভবানীগঞ্জে মাতলামি করছিল। এ সময় তাদের আটক করা হয়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাদের আদালতে সোপর্দ করলে তারা নিজেদের অপরাধ স্বীকার করে।