দুই মাদক ব্যবসায়ীকে সশ্রম কারাদণ্ড

বগুড়ার শেরপুরে ভ্রাম্যমাণ আদালত দুই মাদক ব্যবসায়ীকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন। শুক্রবার রাতে আদালতের ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. মনজুর আলম প্রধান এই রায় দেন। গতকাল শনিবার ওই দুজনকে শেরপুর থানাহাজত থেকে বগুড়া জেলখানায় পাঠানো হয়। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শহরের পূর্ব ঘোষপাড়া এলাকার আবুল কালাম (৩৫) ও আবদুল খালেক (৩০)। শেরপুর থানার ওসি আমিরুল ইসলাম জানান, ওই দুজনকে শুক্রবার রাত সাড়ে আটটায় বিক্রির সময় ছয় পুরিয়া হেরোইনসহ আটক করা হয়।