সংক্ষেপ

দুজনের কারাদণ্ড

চট্টগ্রামে দুর্নীতির মামলায় দুই ব্যক্তিকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নগরের বকশির হাটের এস কে এন্টারপ্রাইজের মালিক কুতুব উদ্দিন ও গুডউইল করপোরেশনের মালিক আনিসুজ্জামান ইকবাল। তাঁরা দুজনই পলাতক। দুদকের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি আসামিরা পরস্পর যোগসাজশে জাল-জালিয়াতির মাধ্যমে বিদেশ থেকে আমদানি করা টায়ারের শুল্ক বাবদ ১ লাখ ২৭ হাজার ৩৩৪ টাকা ফাঁকি দেন। এ ঘটনায় দুর্নীতি দমন ব্যুরোর তৎকালীন পরিদর্শক আবদুল আজিজ ভূঁইয়া বন্দর থানায় তাঁদের বিরুদ্ধে মামলা করেন। চারজনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করলেন।