নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই মাদক ব্যবসায়ীকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লোকমান হোসেন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলো উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ এলাকার রুবেল মিয়া ও ইউনুছ মিয়া। রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এ বি এম মেহেদী মাসুদ জানান, রুবেল ও ইউনুছ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। গতকাল সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ তাদের আটক করে। এরপর তাদের আদালতে সোপর্দ করা হয়।